ঢাকাTuesday , 27 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীজুড়ে উৎসবের আমেজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন উৎসব, পালা পার্বণে ধর্ম, বর্ণ নির্বিশেষে ধনী গরীব সকলেই আনন্দে মেতে ওঠেন। যেনো উপলক্ষ একটা হলেই হলো। বিভিন্ন উৎসবে শহর, গ্রাম সবখানেই দেখা যায় আনন্দের ছড়াছড়ি।
আত্মীয়-স্বজনদের নিয়ে বাড়িতে যেমন আনন্দের শেষ থাকে না; চিড়িয়াখানা, পার্ক কিংবা নদীর ধারেও দেখা যায় উপচে পড়া ভিড়।
ঈদ উপলক্ষে ফাঁকা হয়ে যাওয়া ঢাকাতেও আনন্দ উদযাপনের কোনো কমতি দেখা যায়নি। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সব শ্রেণির মানুষজন। পরিবার কিংবা বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে মিলিত হয়ে দিনভর ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। ঈদকে উৎসবমুখর করে তুলতে অনেকেই আবার একসঙ্গে কোনো স্থানে বেড়াতে যাচ্ছেন, সেখানে থাকছে রান্না করে খাবারের আয়োজন।
রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে নানা শ্রেণি-পেশার মানুষের ঈদ উদযাপনের চিত্র দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর সড়কগুলো অন্য সময়ের তুলনায় অনেকটাই ফাঁকা। ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, শিশুপার্ক, রমনা পার্ক, হাতিরঝিলসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
বিশেষ করে শাহবাগের শিশুপার্ক ছিল লোকে লোকারণ্য। শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই পার্ক। বিভিন্ন রাইডে চড়ার সময় আনন্দ উপভোগ করছে শিশুসহ বড়রাও।
মালিবাগ থেকে বাবার সঙ্গে শিশুপার্কে ঘুরতে এসেছিল শিশু শিক্ষার্থী শুভ্র। পার্কে ঘুরতে আসতে চাইলে তার বাবা অন্যদিনের মতো নিষেধ না করে নিজেই ছেলেকে সঙ্গে করে নিয়ে আসেন।
শুভ্রর বাবা পাপেল চৌধুরী বলেন, প্রতিদিন তো কর্মব্যস্ত থাকতে হয়। ছেলেকে নিয়ে বের হতে পারি না। তাই আজকে ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ পুরো ক্যাম্পাসজুড়ে রয়েছে তরুণ-তরুণীদের ভিড়। হাতিরঝিল, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বলধা গার্ডেন, শ্যামলী শিশুমেলা, ধানমন্ডি ও সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড, সংসদ ভবন চত্বর, শেরে বাংলা নগরের ক্রিসেন্ট লেক, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, বুড়িগঙ্গা ব্রিজ, বঙ্গবন্ধু নভোথিয়েটারসহ সব বিনোদন স্থান ও স্থাপনাতে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো।
এছাড়া ঢাকার উড়াল সেতুগুলোতে ঈদ আনন্দে পায়ে হেঁটে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকেই।