নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনেক দেশের চেয়ে বাংলাদেশের কারাগারের ব্যবস্থাপনা উন্নত। মঙ্গলবার খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ান এ ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যুদ্ধের পর ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) বাংলাদেশে কাজ করছে। বৈশ্বিক প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে। বিভিন্ন দেশে কারাবন্দিদের শ্রেণি বিন্যাস করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো তা সম্ভব হয়নি। আগামীতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় করা হবে।
তিনি জানান, এ জন্য প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারের সঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কারাগার নিয়ে কাজ করছে। তাদের সরকার যথাযথ সহায়তাও করছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, কারা অধিদপ্তরের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারাগোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

