নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকাস্থ ইটনা উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অঞ্চলের অকাল বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকারি ও বেসরকারি পর্যায়ে মানুষ ও পশুর প্রয়োজন অনু্যায়ী খাদ্য সরবরাহ করতে হবে।
এ সময় সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়ণ করে পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ সরবরাহ, সরকারি-বেসরকারি কৃষি ঋণ মওকুফ, ত্রাণ ও সাহায্য যথাযথভাবে বণ্টন। আয়োজক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির চৌধুরী, উপদেষ্টা মোখলেছ-উর-রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

