নিজস্ব প্রতিবেদক : শিগগিরিই কোম্পানি আইন সংশোধন করে ব্যবসাবান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইজ অব ডুয়িং বিজনেস অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন’ বিষয়ে পর্যালোচনা ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। খুব শিগগিরিই কোম্পানি আইন সংশোধন করা হবে। এটি হবে ব্যবসাবান্ধব।’
তিনি আরো বলেন, ‘সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার পরিবেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কোনো জায়গায় যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসার পরিবেশ ভালো করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্সে সব ট্রেড বডির প্রতিনিধিরা থাকবে, যাতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে।’
মন্ত্রী বলেন, ‘দেশের ব্যবসার পরিবেশ সুন্দর রাখতে হবে, যাতে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। ২০২১ সালের মধ্যে ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে তিনটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে- সময় কমাতে হবে, বিভিন্ন স্টেইজ কমাতে হবে, কস্ট অব প্রডাকশন কমাতে হবে। এই তিনটি বিষয় যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আমাদের ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে।’
২০১৯ সালে নির্ধারিত সময়ের ৯০ দিনের মধ্যেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঠিক সময়ে জাতীয় নির্বাচন হবে। আশা করছি ওই নির্বাচনে সব দল অংশ নেবে।’
এ সময় জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বিমান মন্ত্রণায়ের সচিব গোলাম ফারুক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ইউনুসুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিসিআইসি চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ, ঢাকা চেম্বারের চেয়ারম্যান আবুল কাশেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত ‘ডুয়িং বিজনেস ২০১৭ শীর্ষক’ প্রতিবেদনে সহজে ব্যবসা করা যায় এমন ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬, আগের বছর এ অবস্থান ছিল ১৭৮।

