নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। চট্টগ্রাম কতটা সেফ আছে তা জানতে এখানে এসেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভয়ঙ্কর জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবিলার যে ডাক দিয়েছিলেন তাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমর্থন দিয়েছেন। এর ফলে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি।
রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, চট্টগ্রাম কতটা সেফ আছে সেটা আমি দেখতে এসেছি। চট্টগ্রামবাসীর মুখে আমি শুনতে চাই তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আর কি কি সেবা পেতে চান।
সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়রসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের একটি কর্মসূচিতে যোগ দিবেন।

