আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতার ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে রোববার দেশটিতে ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে আইটিভি জানিয়েছে।
গত বছর সেনা অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করে দেওয়ার পর তুরস্কে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া শুরু করেন এরদোয়ান। ইতিমধ্যে এই গণভোট ইস্যুতে ইউরোপের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের টানপোড়েনও দেখা দিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল গত মাসে জানিয়েছেন, এই গণভোটের পরই তারা তুরস্কের সঙ্গে ইউরোপের সম্পর্কের বিষয়টি বিবেচনা করবেন।
সোমবার প্রায় পাঁচ কোটি ৫০ লাখ ভোটার ১ লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোট দেবেন। বিকেল পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এই গণভোটে তুর্কিরা ‘হ্যাঁ, না’ ভোট দিতে যাচ্ছেন। যদি ‘হ্যাঁ ভোট’ জয়ী হয়, তাহলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাচ্ছেন ব্যাপক ক্ষমতা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় রীতিমতো বাতিল হয়ে যাবে। এরদোয়ান অবশ্য দাবি করেছেন, তুরস্কের সরকার ব্যবস্থা শক্তিশালী করতেই এই উদ্যোগ। ভোটপূর্ব জরিপে অবশ্য দেখা গেছে, সামান্য ব্যবধানে ‘হ্যা’ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

