নিজস্ব প্রতিবেদক : পরবর্তী প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাট্যদল থিয়েটার আগামী পয়লা বৈশাখে তিনটি নাটক মঞ্চায়ন করবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রামেন্দু মজুমদার বলেন, ‘সমসাময়িক বাঙালির শেকড় বা মূলের জায়গায় নানা উপায়ে নানা দিক থেকে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই এখন থেকে আমাদের আরো বেশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘এবার পয়লা বৈশাখে যে নাটকগুলো মঞ্চায়ন করা হবে সেগুলো জাতির শেকড় অস্তিত্বের কথা চিন্তা করে বাছাই করা হয়েছে। তিনটি নাটকে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও প্রকৃতি প্রধান উপজীব্য।’
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পয়লা বৈশাখে বেইলি রোডে নাটক সরণিতে অবস্থিত মহিলা সমিতি মঞ্চে বেলা ১১টায় সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল মামুনের নির্দেশিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চায়ন করা হবে। বিকেল সাড়ে ৫টায় সাম্প্রতিকতম প্রযোজনায় ‘মায়ানদী’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় মেরাজ ফকিরের ‘মা’ নাটক মঞ্চায়ন করা হবে।

