নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় প্রথম থেকেই থাকতে হবে। মাঝপথে প্রবেশ করা যাবে না। এদিন সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। নিরাপত্তায় শঙ্কাও নেই। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে ‘রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘চারুকলা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় রাস্তা থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। শোভাযাত্রায় যারা অংশ নিতে আগ্রহী তারা চারুকলায় যাবেন। শুরু থেকেই থাকতে হবে। আর শোভাযাত্রার দুই পাশে সোয়াত টিমের সদস্যরা, সামনে পুলিশ আর পেছনে পুলিশ ও র্যাব সদস্যরা থাকবেন। পুরো রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে শোভাযাত্রায় কোনো মুখোশ মুখে পড়া যাবে না। এক্ষেত্রে আমরা অতীত অভিজ্ঞতাকে নজরে রেখেছি।’
সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি পুলিশ প্রধান বলেন, ‘সন্ধ্যা ৬টার পর ঢাবি এলাকায় কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হবে না। একইসঙ্গে বিকেল ৫টার মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে হবে।’
অপর এক প্রশ্নে কমিশনার বলেন, ‘নববর্ষের দিন মোটরসাইকেলে স্ত্রী ও নাবালক সন্তান ছাড়া অন্য কোনো যাত্রী নেওয়া যাবে না। কোনো মতেই পুরুষ যাত্রী মোটরসাইকেলের পেছনে উঠতে পারবে না।’

