আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার মাদকবিরোধী অভিযানের সমালোচক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের চড় মারার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘এখানে আসুন এবং আমরা আলোচনার করব। কারণ আমি আপনাদের চড় মারতে চাই।’
শুক্রবার ম্যানিলায় প্রেসিডেন্ট ভবনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। মাদকাসক্তদের চিকিৎসার জন্য গত সপ্তাহে ইইউ ফিলিপাইনকে পুর্নবাসনকেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দুতের্তে ইইউকে ‘প্রতারক ও কুকুরের বাচ্চা’বলে গালি দিয়েছিলেন।
গত বছরের জুনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতের্তে। দেশটিতে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
ইইউসহ বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা জানালেও তা কানে তুলছেন না দুতের্তে। বরং দুতের্তে দাবি যেসব বেসরকারি সংগঠন তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে চায় ইইউ তাদের কথায় কান দিচ্ছে। এদের উদ্দেশে দুতের্তে বলেছেন, ‘যদি কেউ মৃগীরোগেও আক্রান্ত হয় তাহলে এর জন্য তারা আমাকে দোষারোপ করে।’

