নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের জন্য শুভ সূচনা বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থার পরিচালক ড. মো. আব্দুল আলীম। তিনি বলেন, ‘ছোট খাটো কিছু অনিয়ম সত্বেও ইডব্লিউজি মনে করে- কেএম নুরুল হুদার নেতৃত্বে পরিচালিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন একটি শুভ সূচনা।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণ অনুযায়ী ভোট প্রদানের হার ৬২.৭ শতাংশ। সকালে ভোট কেন্দ্রগুলোতে কোনো সহিংসতা বা নিয়মের ঘটনা ঘটেনি। কিন্তু বিকালে ১৫.৮ শতাংশ ভোটকেন্দ্রে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ভোট গণনা চলাকালে কোন সহিংসতা বা অনিয়ম পরিলক্ষিত হয়নি।
অনুষ্ঠানে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারপারসন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লা, আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ৩০ মার্চ অনুষ্ঠিত দলীয় প্রতীকের প্রথম নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরল হক সাক্কু।

