ঢাকাThursday , 30 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ মে নির্বাচন হচ্ছে এফবিসিসিআইয়ের

Link Copied!

FBCCI-Logoনিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত দিন আগামী ১৪ মে সংগঠনটির নির্বাচন হতে কোনো বাধা নেই। তবে রিটকারী ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমকে আগামী ৩০ মের মধ্যে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এফবিসিসিআইয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুই মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আজ ৩০ মার্চ ধার্য করেছিলেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে এফবিসিসিআই কর্তৃপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়।
এর আগে গত ২৩ মার্চ এফবিসিসিআইয়ের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। একইসঙ্গে এই সময়ে এফবিসিসিআই নির্বাচনী কার্যক্রম চালাতে পারবে বলেও আদেশে বলেন।
গত ২২ মার্চ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করে এফবিসিসিআই কর্তৃপক্ষ। একইসঙ্গে ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালক নিয়োগে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।
পরে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগ থেকে পরিচালক মনোনয়ন করতে হবে। কিন্তু নবগঠিত ময়মনসিংহ বিভাগ থেকে কোনো পরিচালক মনোনয়ন দেওয়া হয়নি। এই বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেছেন ময়মনসিংহ চেম্বার ও কমার্সের সভাপতি আমিনুল হক।
আগামী ১৪ মে এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংগঠনটির পরিচালক পদে নির্বাচনের লক্ষ্যে ১০ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৪ মের ভোটে নির্বাচিত পরিচালকরা ১৬ মে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।