আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মার্কিন কমান্ডো হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিজেদের পক্ষে সাফাই গেয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউজ বলেছে, বেসামরিকহতাহতের ঘটনা এড়িয়ে এরকম অভিযানে সাফল্য পাওয়া কঠিন।
ইয়েমেনে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত ইয়াকলা জেলায় গত শনিবার কমান্ডো হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।ক্ষমতায় আসার পর এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রথম কোনো জঙ্গি বিরোধী অভিযান। এই হামলায় আল-কায়েদার ১৪জন যোদ্ধা নিহত হয়। মার্কিন সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে অন্তত তিনজন জঙ্গি নেতাও ছিলেন। কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারে করে চালানো এই অভিযানে নিহত হয় ২৩ বেসামরিক নাগরিক। এদের মধ্যে এক নবজাতকসহ ১০ শিশু রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা রেপ্রাইভ।
হোয়াইট হাউজের মুখপাত্র শেন স্পাইসার সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরণের অভিযানকে সফল বলা কিছুটা কঠিন যখন প্রাণ হারাতে হয় অথবা লোকজন আহত হয়। তবে আমি মনে করি, আপনারা দেখবেন ভবিষ্যৎ প্রাণহানি ঠেকাতে কী অর্জিত হয়েছে। সামগ্রিক বিচারে এটি সফল অভিযান।’
স্পাইসার অবশ্য তার বক্তব্যে নারী ও শিশু নিহতের বিষয়টি উল্লেখ করেননি।

