আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানের ওপর নজরদারির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ইরানের ওপর আনুষ্ঠানিকভাবে নজরদারি শুরু হলো। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভয়াবহ চুক্তিটি করার জন্য ধন্যবাদ দেওয়া উচিৎ।’
ট্রাম্পের এই টুইটার বার্তার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন একই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।’
হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ ইরান এখন নিজেকে অনেক সাহসী ভাবতে শুরু করেছে। আমরা ইরানের ওপর আনুষ্ঠানিক নজরদারি শুরু করছি।’ ইরানে সামরিক হস্তক্ষেপের কথা ভাবা হচ্ছে কিনা সে ব্যাপারে অবশ্য তিনি কিছুই জানাননি।
প্রসঙ্গত, ইরান রোববার মধ্যমপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি এক হাজার ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়। কাজেই এটি নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় পড়েনি।

