নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান, সাহিত্য ও শিল্পচর্চা ছাড়া দেশ গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার জয়নুল উৎসবে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।
তিনি বলেন, শিল্প জগতে পৌঁছানোর জন্যে যে মানুষের অবদান অপরিসীম, তিনি হচ্ছেন জয়নুল আবেদীন। শিল্প ও সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে হলে, আমাদের শিল্পাচার্যকে শ্রদ্ধা ও স্মরণ করে চলতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রত্যেক দেশে নির্দিষ্ট ভৌগলিক সীমারেখা থাকে, কিন্তু শিল্প-সংস্কৃতিতে কোনো ভৌগলিক সীমারেখা নেই। আমাদের ভাষা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি সবই এক রেখায় সীমাবদ্ধ।
তিনি বলেন, আজ আমরা জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী পালন করছি এবং সেই সঙ্গে আমরা বিজয়ের ৪৬তম বর্ষে পদার্পণ করেছি। বিজয়ের মাস শিল্পাচার্যের জন্মের মাস। এ বিজয়ের মাসে শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জয়নুল আবেদীনের রেখে যাওয়া বাকি কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে।
২০১৬ সালের জয়নুল সম্মাননা দেওয়া হয় শিল্পী যোগেন চৌধুরী ও শিল্পী আবুল হোসেন খানকে। এ সময় অতিথিরা জয়নুল জন্মশতবর্ষ প্রবন্ধাবলী বইটির মোড়ক উন্মোচন করেন। সম্মাননা প্রদান শেষে জয়নুল আবেদীন ভাস্কর্য উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানটি ৩১ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে।

