আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সিরিয়া যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন। রোববার ভ্যাটিকানে বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেছেন, সংঘর্ষে ইতিমধ্যে অনেক রক্ত প্রবাহিত হয়েছে। পোপ তার ভাষণে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের পারস্পরিক বিদ্বেষ ও প্রতিশোধ নেয়া বন্ধের আহ্বান জানান।
সেন্ট পিটার্স স্কয়ারে কড়া নিরাপত্তায় কয়েক লাখ লোকের সামনে দেয়া ভাষণে পোপ বলেন, সিরিয়ার পাঁচ বছরের যুদ্ধ অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমঝোতার বিষয়ে সক্রিয় হতে হবে। এছাড়া ফিলিস্তিনি ও ইসরায়েলিদের ইতিহাসের একটি নতুন অধ্যায় লেখার জন্য অবশ্যই একত্রিত হতে হবে। এসময় পোপ বৈশ্বিক সন্ত্রাসবাদেরও নিন্দা জানান। তিনি বলেন, ‘অনেক দেশ ও শহরের হৃদয়ে ভয় ও মৃত্যু দেখা দিয়েছে।’

