ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিহ্যাব মেলায় কম সুদে ১০ কোটি টাকার ঋণ

Link Copied!

rehab-mela

নিজস্ব প্রতিবেদক : রিহ্যাব মেলায় পাওয়া যাচ্ছে ১০ কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ। সেই সঙ্গে রয়েছে ছাড়। মেলায় ফ্ল্যাট বা প্লট বুকিং দিলে সুদের উপর বিশেষ এ ছাড় পাওয়া যাচ্ছে। রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এ মেলা শেষ হচ্ছে আজ। রোববার মেলা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
মেলায় প্লট ও ফ্ল্যাট কিনতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) প্রভৃতি প্রতিষ্ঠান ঋণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। এবারই প্রথম একসঙ্গে প্লট ও ফ্ল্যাটের মেলায় এতো বেশিসংখ্যক অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান ও ব্যাংক স্থান পেয়েছে।
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, মেলা উপলক্ষে কোম্পানিগুলো ১ শতাংশ থেকে ০.৫০ শতাংশ কম সুদে ঋণ দিচ্ছে। স্বাভাবিক সময়ে সুদহার ৯-৯.৫ কিংবা ১০ শতাংশ হলেও বর্তমানে ঋণ দেয়া হচ্ছে ৮.৫ থেকে ৮.৭৫ কিংবা ৯ শতাংশ সুদে। আবার এই ছাড়ের পরও প্রক্রিয়াকরণ খরচেও ছাড় দেয়া হচ্ছে। কোনো প্রতিষ্ঠান ঋণ প্রদানে সুদের ক্ষেত্রে কোনো ছাড় না দিলেও ঋণ প্রক্রিয়াকরণের খরচে পুরোটায় ছাড় দিচ্ছে।
প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, হোম লোন প্রক্রিয়াকরণ খরচ বাবদ সাধারণত ১ শতাংশ টাকা নেয়া হয়। কোনো ব্যক্তি ১০ লাখ টাকা ঋণ নিলে প্রক্রিয়াকরণ বাবদ খরচ হবে ১০ হাজার টাকা। এর সঙ্গেও থাকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু ফি।
পরিশোধের সামর্থ্যের ভিত্তিতে ৯ শতাংশ সুদে অ্যাপার্টমেন্ট বা বাড়ি ক্রয় কিংবা নির্মাণ খরচের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। সর্বোচ্চ ২০ বছর মেয়াদে এই ঋণ প্রদান করছে প্রতিষ্ঠানটি। ঋণ প্রক্রিয়াকরণের খরচে ০.২৫ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির হোম অ্যান্ড মর্টগেজ লোন বিভাগের মার্কেটিং অফিসার মাহবুবুল আসিব বলেন, দীর্ঘ মেয়াদে সামর্থ্য অনুযায়ী ভবন ও প্লট ক্রয়ে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হচ্ছে। ৯ শতাংশ সুদে ঋণ দেয়া হবে। তবে মেলা উপলক্ষে ঋণ প্রক্রিয়াকরণের খরচের ক্ষেত্রে ০.২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। মেলায় যারা আগ্রহী হয়ে রেজিস্ট্রেশন করবে পরবর্তী সময়ে এই হারেই সুবিধা পাবে। মেলা শেষে অন্যরা এই সুবিধা পাবে না।
মেলা উপলক্ষে ১ শতাংশ ছাড়ে ঋণ দিচ্ছে ডিবিএইচ। স্বাভাবিক সময়ে হোম লোনের ক্ষেত্রে সুদহার ৯.৫ শতাংশ হলেও মেলা উপলক্ষে ৮.৫ শতাংশ হারে ঋণ প্রদান করছে।
প্রতিষ্ঠানটির লোন শাখার রিলেশনশিপ অফিসার রোকোনুজ্জামান বলেন, কোনো ব্যক্তির বয়স ও চাকরির বেতনের ভিত্তিতে এই ঋণ প্রদান করা হচ্ছে। মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধেরও সুবিধা রয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৮.৫ শতাংশ হারে ঋণ দিচ্ছে। স্বাভাবিক সময়ে এই ঋণ ৯ শতাংশ হলেও মেলা উপলক্ষে ০.৫০ শতাংশ ছাড় দিচ্ছে। আর ঋণ প্রক্রিয়াকরণে ১.৫ শতাংশ খরচ কমিয়ে ০.৭৫ শতাংশে ঋণ প্রদান করছে।
লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড ১০ শতাংশ হারে ঋণ প্রদান করছে। স্বাভাবিক অবস্থায় ঋণের ক্ষেত্রেও এক হার। তবে ঋণ প্রক্রিয়াকরণের ওপর ৫০ শতাংশ ছাড়ে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। স্বল্পমেয়াদি ও দীর্ঘ মেয়াদে সঞ্চয়ের সুবিধা রেখে ভবন কিংবা প্লট কিনতে মোট মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। ২০ বছর মেয়াদে ৮.৯৯ শতাংশ সুদে এই ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
৯ শতাংশ সুদে হোম লোন দিচ্ছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। তবে ঋণ প্রক্রিয়াকরণের খরচে রয়েছে ৫০ শতাংশ ছাড়। স্বাভাবিক সময়ে ১০ শতাংশ হারে ঋণদান থেকে ০.৫ শতাংশ ছাড়ে ৯.৫ শতাংশে হোম লোন দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স।
প্রতিষ্ঠানটির কনজ্যুমার বিভাগের বিপণন টিমের ম্যানেজার ইয়াসিন আরাফাত টিপু বলেন, মেলা উপলক্ষে ০.০৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
রিহ্যাব মেলায় ৮.২৫ শতাংশ হারে ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। ভবনের মোট মূল্যের ৭০ শতাংশ কিংবা এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।