নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাভার ও আশুলিয়ায় চলমান কয়েকটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের চলমান বিক্ষোভ সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ধরে ওইসব কারখানায় হাজিরা দিয়ে কাজ না করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে ডেকে নিয়ে এ বিষয়টি জানতে চান প্রধানমন্ত্রী।
তারা জানান, ‘তিন মন্ত্রীকে ডেকে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, এটা বিজয়ের মাস। এ মাসে কোনও বিক্ষোভ হওয়ার কথা না। এটি কেন হচ্ছে? আগে থেকে কেন এটা সমাধান করা গেল না।’
তারা আরও বলেন, ‘শ্রমিক আন্দোলনের নেপথ্যে কোনও অপশক্তি বা ষড়যন্ত্রকারী বা নাশকতাকারী কাজ করছে কিনা? প্রধানমন্ত্রী তা জানতে চেয়েছেন। পরে তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এটা হওয়ার কথা না। কারা এ বিক্ষোভে ইন্ধন দিচ্ছে? এ সময় বিষয়টি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’
এছাড়া যেভাবেই হোক আজকের মধ্যে এ সমস্যার সমাধান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নির্দেশ পাওয়ার পর তিন মন্ত্রী সভাকক্ষে আলাদাভাবে বৈঠক করেন। সেখানে নৌ-পরিবহনমন্ত্রীকে থাকার অনুরোধ করা হলেও পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তিনি সেখানে থাকতে পারেননি। তবে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নৌ-পরিবহনমন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসায় বৈঠক করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নির্দেশ পাওয়ার পর তিন মন্ত্রী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইর নেতাদের সঙ্গে বৈঠক করে জানতে চান, ‘কেন সাভার ও আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ করছে?’ জবাবে বিজিএমইএর নেতারা জানিয়েছে, ‘শ্রমিকরা কী ইস্যুতে আন্দোলন করছে তা আমাদের জানা নেই। কয়েকজন শ্রমিক সকালে হাজিরা দিয়েই রাস্তায় বিক্ষোভ করতে শুরু করে। তারা কাজ করছে না, ফলে কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে।’
এ সময় বিজিএমইএর নেতারা যেভাবেই হোক রাতের মধ্যে বিষয়টি সমাধান করা হবে বলে তিন মন্ত্রীকে জানান।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাভার ও আশুলিয়ায় ৩৯টি কারখানায় শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ করছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে বেশ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছে। এখনও ২০টি কারখানার শ্রমিক কাজে ফেরেনি। তবে পরিস্থিতি তেমন উত্তপ্ত নয়।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকরা স্পষ্ট করে কোনও দাবির কথা জানাচ্ছে না বা বিষয়টি পরিষ্কার করছে না। কাজেই এ বিক্ষোভ যুক্তিসঙ্গত নয়।’
শ্রমিক বিক্ষোভের পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা-এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে কারও ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

