আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে টহলদারির সময় চোরাগোপ্তা হামলা চার পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার পৃথক হামলায় এ হতাহতের ওই ঘটনা ঘটে।
প্রথম হামলার ঘটনা ঘটেছে সীমান্ত শহর মোরে থেকে ২১ কিলোমিটার দূরে লোকচাওয়ে। পুলিশের টহল গাড়ি এ সময় তেঙনাউপলের দিকে যাচ্ছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং নতুন সৃষ্ট জেলা তেঙনাউপলে এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে মণিপুরের চন্দেল জেলার বংইয়াং এলাকায়। দুটি স্থানেই পুলিশ এবং গেরিলাদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।
তাৎক্ষনিকভাবে কোনো সংগঠনের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত অক্টোবরেও সন্দেহভাজন গেরিলাদের গুলির মুখ থেকে কোনোক্রমে প্রাণে রক্ষা পেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং। উখরুল হেলিপ্যাডে ইবোবি সিং হেলিকপ্টার থেকে বাইরে বের হতেই গেরিলারা এলোপাথাড়ি গুলি চালিয়েছিল।

