আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থী সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের দখলকৃত ইরাকের মসুল এলাকায় অস্ত্র উৎপাদন করতো। আর এসব অস্ত্র তৈরির সরঞ্জাম তারা তুরস্কের কাছ থেকে কিনতো। বুধবার অস্ত্র বিষয়ক লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কনফ্লিক্ট আরামেন্টস রিসার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তুরস্ক ও ইরাকে তাদের শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সরবরাহ চেইন রক্ষা করতো। এর মাধ্যমে তারা লাখ লাখ অস্ত্র উৎপাদন করতো।
ইরাকি বাহিনীর হাতে পুর্নদখলকৃত মসুলের এলাকায় গবেষণা চালিয়ে প্রতিষ্ঠানটির গবেষকরা বলেছেন, আইএস এসব এলাকায় অস্ত্র উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেছিল।
কয়েক মাস আগে ইরাকি সরকারি বাহিনী ও কুর্দি পেশমারগা বাহিনী যৌথ অভিযান শুরু করে মসুলে। তাদের এ হামলার মুখে মসুলের কিছু এলাকা থেকে পিছু হটতে শুরু করে আইএস। তবে এখন পর্যন্ত মসুলের পুরোপুরি দখল নিতে সক্ষম হয়নি ইরাকি বাহিনী।
প্রতিষ্ঠানটির পরিচালক জেমস বেভান সতর্ক করে বলেছেন, মসুল থেকে পিছু হটার সময় আইএসের উচ্চ প্রশিক্ষিত যোদ্ধারা অস্ত্র বিশেষজ্ঞদের সঙ্গে করে নিয়ে যাবে। এই গ্রুপটি অত্যন্ত সুসংগঠিত।
তিনি জানান, আইএস ইতিমধ্যে তাদের দলে থাকা সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বোমা তৈরিতে বিশেষজ্ঞদের মসুল থেকে সরিয়ে সিরিয়া ও তুরস্কের দক্ষিনাঞ্চলে পাঠিয়ে দিয়েছে।

