আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৮০টি যাত্রীবাহী বিমান কিনছে ইরান। এ সংক্রান্ত একটি চুক্তি রোববার ইরান এয়ার ও বোয়িংয়ের প্রতিনিধিরা তেহরানে স্বাক্ষর করেছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সবচেয়ে বড় চুক্তি এটি।
আগামী ১০ বছরে মধ্যে ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮, ১৫টি ৭৭৭-৩০০ ইআরএস এবং ১৫টি ৭৭৭-৯এস জেট উড়োজাহাজ ইরানকে সরবরাহ করবে বোয়িং।
বোয়িংয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক ফ্লেচার বার্কডাল জানিয়েছেন, এসব বিমানের দাম ১৬ হাজার ৬০০ কোটি ডলার। এই চুক্তি যুক্তরাষ্ট্রের সরকার অনুমোদন দিয়েছে। ২০১৮ সালে উড়োজাহাজের প্রথম চালান হস্তান্তর করা হবে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সরকার বোয়িং এবং এর ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ইরানের কাছে উড়োজাহাজ বিক্রির বিষয়টি অনুমোদন দেয়। অবশ্য এর আগে যুক্তরাষ্ট্রসহ পরাক্রম ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছর পরমাণু কর্মসূচি সীমিতকরণ চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এই চুক্তির বদৌলতে ইরানের ওপর থেকে প্রায় চার দশক ধরে থাকা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির সমালোচনা করেছেন। তিনি নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছিলেন।

