নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আজকের অশান্ত ও সংঘাতময় বিশ্বে প্রিয় নবীর (সা.) অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবীর (সা.) সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সফলতা নিহিত আছে।
পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষে আমি মুসলিম উম্মাহ্র প্রত্যেক সদস্য ও দেশবাসীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মহান আল্লাহ্ আমাদের প্রিয় নবীকে (সা.) এ পৃথিবীতে প্রেরণ করেছেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে। তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করছি।’

