নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে বাংলা একাডেমিতে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘যারা এ ঘটনায় জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে।’ তিনি বলেন, ‘খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘নাসিরনগর, গোবিন্দগঞ্জের ঘটনার সঙ্গে অন্য কোনো গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করছে। কিছু প্রতিবেদন হাতে এসেছে। এসব ঘটনায় সরকারের মনোভাব হচ্ছে- দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা।’ তিনি জানান, দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইন তৈরির খসড়ার কাজ চলছে।
বাল্য বিবাহের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনে বিশেষ পরিস্থিতি হ্যান্ডলিংয়ের জন্য কিছু বিধান থাকতে হয়। সেটাই আইনের পূর্ণতা। যদি এমন কোনো পরিস্থিতি হয়, ১৮ বছরের নিচে কোনো মেয়েকে যদি বিয়ে দিতে হয়, সে ক্ষেত্রে পিতা-মাতার আদালতকে সন্তুষ্ট করতে হবে। তারপরে বিয়ের ব্যবস্থা। ১৮ বছরের আগে বিয়ের বিধানটা কিন্তু আসল না। আসল হচ্ছে ১৮ বছরের আগে বিয়ে নয়। ভবিষ্যতে যে এ আইন সংশোধন করা যাবে না সেটাও না। দুই তিন বছর পর এ বিধান লাগবে না বলে আমার বিশ্বাস।
মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, সুলতানা কামাল ও সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ জন মানবাধিকার কর্মীকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার পদক দেওয়া হয়।

