নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হচ্ছে রোববার। অধিবেশনকে কেন্দ্র করে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩ ডিসেম্বর রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরনো-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণী সংযোগস্থল থেকে পুরনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথে এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

