আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ১০ লাখের বেশি সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। বুধবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এ অভিযোগ করেন বলে রেডিও পাকিস্তান জানিয়েছে।
নাফিস বলেন, ‘পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও কাশ্মীরে ১০ লাখের বেশি সেনা মোতায়েন করেছে ভারত , যা বিশ্বের যে কোনো জায়গার চেয়ে বেশি।’
তিনি বলেন, ‘এতো বেশি সেনা মোতায়েন করার কারণে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। ভারতীয় সেনারা সীমান্ত রেখার কাছে বেসামরিক লোকজনকে হত্যা করছে এবং গত চার মাস ধরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।’
সীমান্তে রক্তপাত বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে নাফিস জাকারিয়া বলেন, কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘের ভূমিকা পালন করা উচিত।
প্রসঙ্গত, ২০০৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান।

