ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ বছর ইতিহাসের সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হবে

Link Copied!

Nojibur-Rahmanঅর্থনৈতিক প্রতিবেদক : আজ ৩০ নভেম্বর বুধবার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। করদাতাদের উৎসাহিত করতে সাত দিনব্যাপী আয়কর মেলা ও আয়কর সপ্তাহ আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে করদাতাদের সব ধরনের সেবা দেওয়ার সুযোগ রাখা হয়।
এত আয়োজনের উদ্দেশ্য হলো দেশে করদাতার সংখ্যা বৃদ্ধি ও করবান্ধব পরিবেশ তৈরি করা। আর এক্ষেত্রে সাফল্যের পথে হাঁটছে এনবিআর।
সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান মনে করেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে ইতিহাসের সবচেয়ে বেশি আয়কর রিটার্ন দাখিল হবে।
তিনি বলেন, এবার করবান্ধব পরিবেশে আয়কর রিটার্ন জমা নিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে এনবিআর। আজ ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিনে প্রতিটি কর অঞ্চলে যতক্ষণ করদাতা উপস্থিত থাকবেন ততক্ষণ তাদের সেবা ও রিটার্ন জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সময় আর বাড়ানো হবে না। সব কর অঞ্চলের মেলায় সব ধরনের সুযোগ-সুবিধা বজায় রাখা হয়েছে।
রিটার্নের সংখ্যার বিষয়ে নজিবুর রহমান বলেন, আশা করছি অর্থমন্ত্রীর ঘোষিত ২৫ লাখ করদাতা এবারই পেয়ে যাব। এ বছর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি আয়কর রিটার্ন জমা হবে।
এদিকে এনবিআর সূত্রে জানা যায়, করদাতা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে হয়রানিমুক্ত সুন্দর পরিবেশ গড়তে গত ১৫ দিন থেকে বিভিন্ন কর অঞ্চলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সরেজমিনে পরিদর্শন করে আয়কর রিটার্নসংক্রান্ত কার্যক্রম নজরদারি করছেন।
এনবিআর চেয়ারম্যান করদাতাদের সঙ্গে কথা বলে জানছেন কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা। এনবিআর আয়কর শাখার কর্মকর্তাদের নিয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভিন্ন কর অঞ্চলের আয়কর রিটার্ন জমাসংক্রান্ত কার্যক্রম নজরদারি করছে। কমিটি প্রতিদিনের প্রতিবেদন সরাসরি এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিচ্ছে।
গত ২৪ নভেম্বর থেকে আয়কর সপ্তাহ পালন, প্রত্যেক কর অঞ্চলে আয়কর মেলার পরিবেশ বজায় রাখা, করদাতাদের হয়রানি রোধে কঠোর নজরদারিসহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিভিন্ন কর অঞ্চল ঘুরে দেখা যায়, কর অঞ্চলের মধ্যে আয়কর মেলার মতো পরিবেশ বিরাজ করছে। যেখানে রাজস্ব কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরামহীনভাবে আয়কর রিটার্ন জমা নেওয়া হচ্ছে। তরুণরা কর অঞ্চলে উপস্থিত হয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিচ্ছে। করদাতারা রাজস্ব কর্মকর্তাদের সহায়তায় রিটার্ন ফরম পূরণ করছেন।
এ বছর ১৬ হাজার টাকার বেশি মূল বেতনের সরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করায় শেষ সময়ে তারা বেশি সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে ভিড় জমাচ্ছে।
তবে আবেদন করে সময় বৃদ্ধি করেও রিটার্ন জমা দেওয়া যাবে। ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্ন জমা দিতে হলে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
আজ রিটার্ন দাখিলের শেষ দিনে ‘আমার জন্য আমার কর’- এই মূল প্রতিপাদ্য নিয়ে জাতীয় আয়কর দিবস উদযাপন করবে এনবিআর। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হলেও চলতি বছরে প্রথমবারের মতো ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে সংস্থাটি। যদিও ২০০৮ সাল থেকে জাতীয়ভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে এনবিআর।