আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক, টুইটারসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক এক টুইটে জানিয়েছেন, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সেনাপ্রধানের অ্যাকাউন্ট নেই। তার নামে যেসব অ্যাকাউন্ট রয়েছে, তার সবই ভুয়া।
নতুন সেনাপ্রধান বাজওয়া মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। তাকে অভিনন্দন জানিয়ে তার নামে খোলা ভুয়া ফেসবুক, টুইটার অ্যাকাউন্টে অনেকে বার্তা পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। পরে আইএসপিআরের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়, তার নামে কোনো অ্যাকাউন্ট বা পেজ নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকায় বাজওয়াকে টেলিফোনে অভিনন্দন জানাচ্ছেন সরকারের শীর্ষ পর্যায়ের নেতা ও কর্মকর্তারা। অর্থমন্ত্রী ইশহাক দার টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, পাকিস্তান সামরিক বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ পদে সোমবার নিয়োগ পেয়েছেন জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত। জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির ১৭তম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি। তিন বাহিনীর পক্ষে গার্ড অব অনার দেওয়া হয়েছে মাহমুদ হায়াতকে।
আইএসপিআর প্রধান জানিয়েছেন, মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের স্থলাভিষিক্ত হবেন বাজওয়া।

