আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শনিবার কামার জাভেদের নিয়োগ চূড়ান্ত করেছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ২৯ নভেম্বর জেনারেল কামার জাভেদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
এদিকে জেনারেল জুবাইর মাহমুদ হায়াৎকে জয়েন্টস চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বর্তমানে প্রশিক্ষণ ও উন্নয়ন জিএইচকিউ-এর ইন্সপেক্টর জেনারেল পদে কাজ করছেন। জেনারেল রাহিল শরিফও সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে একই পদে কাজ করতেন।
কামার পাকিস্তানের কোর-১০ এর কমান্ডার ছিলেন। এই কোর-১০ পাকিস্তানের সবচেয়ে গরুত্বপূর্ণ ও বৃহত্তম ইউনিট। উত্তরাঞ্চলীয় কমান্ড ফোর্সের প্রধানও ছিলেন তিনি। এ ছাড়া কঙ্গোর শান্তি রক্ষা বাহিনীর ব্রিগেডিয়ার হিসেবেও কাজ করেন কামার। সে সময় তিনি ছিলেন বালূচ রেজিমেন্টে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চল ও কাশ্মীর এলাকা সম্পর্কে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

