অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) সুদানে এ বছর রেকর্ড পরিমাণ পাটপণ্য রপ্তানি করতে যাচ্ছে। বৃহস্পতিবার বিজেএমসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২৫ হাজার বেলের চাহিদার বিপরীতে ২ লাখ ১৪ হাজার বেল বিক্রয় আদেশ দেওয়া হয়েছে। এর মূল্য প্রায় ৫১০ কোটি টাকা। এর মধ্যে তাইফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর অনুকূলে ১ লাখ ১০ হাজার বেল এবং জিএফটিসিএলের স্বত্বাধিকারীর অনুকূলে ৭৫ হাজার বেলের বিক্রয় আদেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে বিজেএমসি প্রায় ৬০ হাজার বেল পাটপণ্যের শিপমেন্ট সম্পন্ন করতে পেরেছে। বাকি বেল প্রস্তুতের কাজ চলছে। প্রসঙ্গত, ১ বেল = ০.৪১ টন।
বিজেএমসি আগে দৈনিক মাত্র ৭৫০ বেল স্ট্যান্ডার্ড বি.টুইল পণ্য উৎপাদন করতো। কিন্তু বর্তমানে সুদানসহ বিভিন্ন দেশের অব্যাহত চাহিদার প্রেক্ষিতে দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৫০ বেলে উন্নীত করা হয়েছে।
এ ছাড়া ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ সুষ্ঠু বাস্তবায়নের ফলে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিজেএমসির উৎপাদন ক্ষমতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।
বিজেএমসি সূত্র বলছে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বিজেএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। এ প্রেক্ষিতে কর্তৃপক্ষের সক্রিয় তত্ত্বাবধানে শীঘ্রই বিজেএমসি দৈনিক এ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২৮০ বেলে উন্নীত করতে সক্ষম হবে।
আগামী ডিসেম্বর থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত আরো ১ লাখ ৬০ হাজার বেল পরিমাণ পাটপণ্য সুদানে রপ্তানি করার পরিকল্পনা নিয়ে বর্তমানে বিজেএমসি কাজ করছে।

