নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় তাইওয়ানের এক দম্পতিকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
২০১৫ সালের ৫ নভেম্বর উত্তরার এক বাসায় ঢুকে ব্যবসায়ী ওয়াং মিং চি (৫৪) ও তার স্ত্রী লিও লি হুয়ার (৫০) ওপর হামলা করা হয়। তাদের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।এই দম্পতি দীর্ঘ দিন বাংলাদেশে বসবাস করছেন। জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং মিং চি এবং তার স্ত্রী ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক। হামলার পর পুলিশ জানিয়েছিল, টাকার জন্য তাদের ওপর হামলা করা হয়।

