গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আখ খামারের অধিগ্রহণকৃত জমির ধান কাটা শুরু করেছে সুগার মিল কর্তৃপক্ষ। ধান কাটা নিয়ে সাঁওতালরা সিদ্ধান্তে আসতে না পারায় মিল কর্তৃপক্ষ ধান কাটা শুরু করেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ধান কাটা শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহাদ আলী প্রমুখ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ধান কাটা নিয়ে সাঁওতালদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ না করায় আদালতের নির্দেশনা অনুযায়ী মিল কর্তৃপক্ষ আজ থেকে ধান কাটা শুরু করেছে। ধান কাটা শেষ হলে তা সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হবে।
সাঁওতাল নেতারা জানিয়ে আসছিলেন, তাদের বাপ-দাদার জমি ফেরতের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা ধান কাটবেন না। ধান কাটলে জমি মিল কর্তৃপক্ষের দখলে চলে যাবে। তারা ওই জমিতে আখ চাষ করবে।

