নিজস্ব প্রতিবেদক : অর্থ পাচারের দুটি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোট। এর ফলে নিম্ন আদালতে অভিযোগ গঠনের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবী।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান। এর আগে গত ১৭ নভেম্বর শুনানি শেষে আজ ২৪ নভেম্বর আদেশের জন্য দিন ঠিক করেছিলেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
আদেশের পর খুরশীদ আলম খান জানান, অভিযোগ গঠন করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে ফৌজদারি আপিল করেছিলেন রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন। এ বিষয়ে শুনানি শেষে দুইজনের আপিল খারিজ করে দিয়েছেন। এখন অভিযোগ গঠনের আদেশ বহাল থাকল।
এর আগে ২৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। পরে চলতি বছরের ২৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করে দুদক।

