আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চতুর্থবারের মতো চ্যান্সেলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের এক সদস্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার মেরকেলের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করার কথা। আগামী বছর শরৎকালে জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শরণার্থীসহ বিভিন্ন ইস্যুতে মেরকেলের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। চলতি বছরের শুরুতে আঞ্চলিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছে তাকে। ডানপন্থি এএফডি পার্টিকে মোকাবিলা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মেরকেলকে। তবে এখনো চ্যান্সেলর হিসেবে তার বিপুল জনসমর্থন রয়েছে।
২০০৫ সাল থেকে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটির শীর্ষ ক্ষমতায় রয়েছেন মেরকেল।
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য ও মেরকেলের ঘনিষ্ঠ সহযোগী নরবার্ট রোটজেন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মেরকেল আবার চ্যান্সেলর পদে নির্বাচন করবেন। তিনি এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
দলের উপপ্রধান জুলিয়া কোহেনার বলেছেন, ‘তার দলে সুস্পষ্ট উত্তরসূরি না থাকায় মেরকেল অস্থিরতার সময়ে স্থিতিশীলতা ও আস্থার প্রতীক। কারণ তিনি সমাজকে ঐক্যবদ্ধ ও সরলীকরণ করার মতো যোগ্যতা ধারণ করেন।’

