নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম মেগা পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পা ড্রিংকিং ওয়াটারের সহযোগিতায় বিআইএম প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে চলছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।
এ অনুষ্ঠানে দুপুরের আগে যোগ দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশারফ হাসেন ভূইয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। এ ছাড়া আছেন বিআইএমের মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান ও পরিচালক ড. পারভীন আহমেদ।
বিআইএমের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মো. শামীম জানান, বিআইএম প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (পিজিডি) কোর্স সম্পন্ন করেছেন, তাদের সবাইকে নিয়ে এ মিলনমেলা। এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ১০ হাজার শিক্ষার্থী সম্পন্ন করেছেন ছয় মাস অথবা এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স।
তিনি বলেন, মেগা পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, সব প্রাক্তন ও চলমান শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, চাকরির সুযোগ তৈরি এবং বিআইএমের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা। পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

