আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত বক্তা ডা. জাকের নায়েক পরিচালিত এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার এই নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে।‘অবৈধ সংস্থা’ হিসেবে আইআরএফকে নিষিদ্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
ভারতে বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ অ্যাক্টের (ইউএপিএ) আওতায় যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা নিষিদ্ধ বা বন্ধ করতে চাইলে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন পড়ে। দ্য হিন্দু জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদন হয়ে যাওয়ায় আইআরএফের নিষিদ্ধের বিষয়টি শিগগিরিই গেজেট আকারে প্রকাশ করা হবে।
আইআরএফকে ‘অবৈধ সংস্থা’ হিসেবে ঘোষণার জন্য যে বিষয়গুলোকে বিবেচনায় নেয়া হয়েছে, সেগুলো হচ্ছে- জাকির নায়েকের বিরুদ্ধে ফৌজাদারি মামলা, প্ররোচনাপূর্ণ বক্তব্য, নিষিদ্ধঘোষিত পিস টিভির সঙ্গে এনজিওটির সম্পর্ক এবং পিস টিভিতে এনজিওটির অর্থ স্থানান্তর।
প্রসঙ্গত, জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনেরই একটি প্রতিষ্ঠান পিস টিভি। এ টিভিতে প্রচারিত অনুষ্ঠানে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্য ও কানাডা জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছে ।

