নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা সাহিত্য উৎসব বা ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল। এ উৎসবটি ঢাকা লিটফেস্ট নামেও পরিচিত।
বৃহস্পতিবার সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন সাহিত্যে নোবেল বিজয়ী ত্রিনিদাদের সাহিত্যিক ভি এস নাইপল। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে উৎসব কমিটি। গতবারের ন্যায় এবারও বাংলা একাডেমি মিলনায়তনগুলো ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন ছোট ছোট স্টল বসানো হয়েছে। যে কারণে একাডেমি প্রাঙ্গণে ছোট ছোট মঞ্চের পাশাপাশি স্টলগুলোকে সাজানো হয়েছে বর্ণিল রঙে।
১৭ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাংলাদেশের সাহিত্য, ঐতিহ্য তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানে থাকবে বাংলাদেশের পালা, জারি গান ও বেহুলা-লখিন্দরের জারি। পাশাপাশি উৎসবের অন্যতম সহযোগী ব্র্যাকের সংস্কৃতি বিভাগ গ্রাম পর্যায়ে যেসব কাজ করছে সেগুলোও তুলে ধরবে। তরুণদের জন্য দুটি কর্মশালার আয়োজনও করেছে উৎসব কমিটি।
ঢাকা লিট ফেস্টের এবারের আসরে ১৮ দেশের ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক তিন দিনের প্রায় ৯০টি বিশেষ অধিবেশনে অংশ নেবেন। নোবেল, পুলিৎজার ও ম্যানবুকারপ্রাপ্ত তিনজন সাহিত্যিক আসছেন উৎসবে।
ভি এস নাইপলের পাশাপাশি উৎসবে আরো অংশ নেবেন ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত ডেবোরাহ স্মিথ, ইউরোপিয়ান প্রাইজ ফর লিটারেচার প্রাপ্ত ইভি ওয়াইল্ড, পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের কবি বিজয় শেষাদ্রি, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লি, থাইল্যান্ডের প্রাবদা ইয়ুন, অস্ট্রেলিয়ার টিম কুক প্রমুখ। এ ছাড়াও বিবিসির সাউথ এশিয়ার ব্যুরো চিফ জাস্টিন রোলেন, এনডিটিভির সাংবাদিক বারখা দত্ত ছাড়াও প্রখ্যাত সাংবাদিকেরা আসছেন এ উৎসবে।
উৎসবে সব্যসাচী লেখক প্রয়াত সৈয়দ শামসুল হককে বিশেষ সম্মান জানানো হবে। সে উপলক্ষে তার ‘নীল দংশন’ উপন্যাসের অংশবিশেষ ইংরেজিতে মঞ্চায়িত হবে। উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় দেওয়া হবে ‘জেমকন সাহিত্য পুরস্কার’। এতে একজন বিশিষ্ট লেখককে ‘জেমকন তরুণ সাহিত্য পুরস্কার ২০১৬’ এবং একজন তরুণের পাণ্ডুলিপি থেকে বাছাই করে ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৬’ দেওয়া হবে। এই দুই পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৮ লাখ ও ২ লাখ টাকা। এ ছাড়া এই অনুষ্ঠানে থাকবে ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০১৬’ এর নির্বাচিত গ্রন্থ নিয়ে জুরিগণের কথোপকথন।
নিরাপত্তার কারণে বড় ব্যাগ নিয়ে উৎসবে ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া সবাইকে রেজিস্ট্রেশন করে নিতেও বলা হয়েছে। দর্শনার্থী ও সাহিত্যপ্রেমীরা বিনামূল্যে উৎসবের নিজস্ব ওয়েবসাইট (www.dhakalitfest.com) থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এ ছাড়া উৎসবস্থলেও নিবন্ধন করে প্রবেশ করা যাবে। নিবন্ধন চলবে উৎসবের শেষ দিন পর্যন্ত।

