আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড জে. ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ক্ষোভের ইস্যু যেন শেষ হওয়ার নয়। এবার ফার্স্টলেডি মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক একটি সংস্থার পরিচালক পামেলা রামসে টেইলর ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্লে কিউন্টি টাউনের মেয়র বেভারলি হোয়ালিং এ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
ডব্লিউএসএজেড’র প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফার্স্টলেডি মিশেল ওবামার জায়গায় আসছেন মেলানিয়া ট্রাম্প। এতে ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালক টেইলর ফেসবুকে এক মন্তব্যে বলেন, ‘হোয়াইট হাউসে হিল পরা বানরটিকে দেখতে দেখতে আমি ক্লান্ত। সেখানে অভিজাত ও সুন্দরী ফার্স্টলেডির আসাটা স্বস্তিদায়কই হবে।’ এদিকে টেইলরের মন্তব্যের জবাবে ক্লে টাউনের মেয়র হোয়ালিং বলেন, ‘আমার দিনগুলো মধুর হয়ে উঠেছে।’
পরে অবশ্য তাদের এই মন্তব্যগুলো ফেসবুক পেজ থেকে মুছে দেওয়া হয়; কিন্তু ওই মন্তব্যের প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দুজনের ফেসবুক পেজ সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
এক বিবৃতিতে হোয়ালিং দাবি করেছেন, তার মন্তব্য কোনোভাবেই বর্ণবাদী নয়। তিনি বলেছেন, ‘হোয়াইট হাউসে পরিবর্তনের হাওয়া লাগায় আমার দিনগুলোতে যে পরিবর্তন এসেছে আমি তাই বোঝাতে চেয়েছি। তবুও যদি কষ্টকর কোনো অনুভূতি প্রকাশ পেয়ে থাকে সেজন্য সত্যি আমি দুঃখিত! আমি কোনোভাবেই বর্ণবাদী নই।’
ডব্লিউএসএজেড জানিয়েছে, টেইলরও তার মন্তব্যের জন্য ফেসবুকের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেছেন।
অঙ্গরাজ্য ও কেন্দ্রের তহবিলে পরিচালিত ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট করপোরেশনের এক প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনার জন্য পরিচালকের পদ থেকে টেইলরকে ‘অপসারণ’ করা হয়েছে।
অপরদিকে ক্লে টাউনের কাউন্সিলম্যান জ্যাসন হুবার্ড চার্লসটন গেজেট-মেইলকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে কাউন্সিলের এক বৈঠকে টাউন কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে আলোচনা করবে।

