আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে প্রাচীন আসিরীয় সভ্যতার শহর নিমরুদ পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। রোববার ইরাকি বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দুই বছর আগে নিমরুদ দখল করেছিল আইএস। এরপরই শহরটিতে থাকা খ্রিস্টপূর্ব ১৩ শতকের ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করে আইএস। ২০১৫ সালের মার্চে জাতিসংঘ ও ইতিহাসবিদরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক দপ্তর একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছিল।
রোববার ইরাকি সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়, নবম আর্মড ডিভিশনের সেনারা নিমরুদ শহরকে পুরোপুরি মুক্ত করেছে এবং ভবনগুলোর ওপর ইরাকি পতাকা উড়িয়েছে।
এছাড়া ইরাকি সেনারা নুমানিয়া নামে আরেকটি ঐতিহাসিক শহর দখল করেছে। এটি একসময় আসিরীয় সাম্রাজ্যের রাজধানী ছিল।
এদিকে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, আইএসের দখলে থাকা সুন্নি আরবদের ২০টি গ্রাম পুনর্দখলের পর কুর্দি সেনারা সেখানকার বাড়িঘর ধ্বংস করেছে। এসব গ্রাম পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
তবে কুর্দি আঞ্চলিক সরকারের এক মন্ত্রী দাবি করেছেন, এ অভিযোগ সত্য নয়। বরং কুর্দি অঞ্চলে বসবাসরত প্রায় ২০ লাখ সুন্নি মুসলমান স্বর্গের মতোই নিরাপদে আছেন।

