ঢাকাSunday , 13 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে জরুরি অবস্থা বহাল থাকছে

Link Copied!

menuel-vealsআন্তর্জাতিক ডেস্ক : গত বছর রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস রোববার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। তবে এবার কতদিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে, তা উল্লেখ করেননি তিনি।
প্যারিস হামলার এক বছর পূর্তিতে দেওয়া বক্তব্যে ফরাসি প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিলেন। ভালস জানান, সামনে নির্বাচন আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে গণজমায়েত হবে। ‘আমাদের গণতন্ত্র রক্ষায়’ তা প্রয়োজন রয়েছে।
গত জুলাই মাসে পরবর্তী ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। বাস্তিল দিবস উদযাপনের সময় নিস শহরে একটি লরি জনতার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হলে নিহত হন ৮১ জন। যে কারণে তখন ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। বিবিসির হার্ডটকে সাক্ষাৎকারে ভালস বলেন, ‘নিসে আমরা যে ধরনের হামলা দেখেছি, তার মতো হামলার ঝুঁকি আছে।’ তিনি যোগ করেন, ‘জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
জরুরি অবস্থায় পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। চাইলে যেকোনো স্থান বা ব্যক্তিকে তল্লাশি করতে পারে অথবা প্রয়োজনে কোনো ব্যক্তিকে গৃহবন্দি করে রাখতে পারে। কিন্তু দাপ্তরিক তদন্তে উঠে এসেছে, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে জরুরি অবস্থা সামান্য ভূমিকা রাখতে পারছে। ভালস জানান, ২০১৭ সালের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন হবে। এ সময় অবশ্যই ফ্রান্সকে নিরাপদ রাখতে হবে।
আগামী নির্বাচনে ফ্রাঁসোয়া ওলাঁদ প্রেসিডেন্ট প্রার্থী হবেন কি না, তা তিনি এখনো পরিষ্কার করেনি। তবে বিভিন্ন জরিপে উঠে এসেছে, ফ্রান্সের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট তিনি। আগামী নির্বাচনে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ব্যাপক তোলপাড় হতে পারে।