অর্থনৈতিক প্রতিবেদক : দেশ-বিদেশি ডেনিম প্রস্তুতকারকদের নিয়ে আজ থেকে পঞ্চমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের প্রদর্শনী।
এ আয়োজনে দেশ-বিদেশের উদ্যোক্তারা তুলে ধরবেন তাদের রকমারি উদ্ভাবন এবং নিজেদের পণ্যের গুণগত মান। পাশাপাশি তুলে ধরবেন ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনাগুলো।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হচ্ছে এই মেলা। গত বছরের মতো এবারো টেসকো, টম টেইলার, সিঅ্যান্ডএ, কেয়ারেফোর, কুলক্যাট, সিলিও, চার্লস ভোগলে, ইউনিকলো, এস অলিভার, ওয়ালমার্ট, ডেবেনহ্যামস, ডিউহার্স্টসহ আরো কিছু কারখানা, বায়িং হাউজ ও দেশ-বিদেশের খুচরা ও পাইকারী বিক্রেতা অংশগ্রহণ করেছেন এ মেলায়। মেলায় থাকছে ফ্যাশন শো-এর আয়োজনও। ডেনিম মেলা সবার জন্য উন্মুক্ত।
আয়োজনের বিষয়ে ডেনিম এক্সপোর সিইও মুস্তাফিস উদ্দিন বলেন, এতে ১৫টি দেশের ৫৫ জন প্রদর্শনকারী প্রদর্শনীতে অংশ নেবে। এ ছাড়া অংশ নিচ্ছে বিশ্বের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী। আমন্ত্রিত দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন য্ক্তুরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালী, ফ্রান্স, নেদারল্যান্ড, তুরষ্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও চীনের ব্যবসায়ীরা।
বাংলাদেশের ডেনিমপণ্য বিশ্ববাজারের চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখছে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। বিশেষ করে পুরুষদের ব্যবহৃত জিন্স রপ্তানিতে গত তিন বছর ধরে ইউরোপের দেশগুলোতে চীন থেকেও এগিয়ে বাংলাদেশ।
এমনকি পুরো বিশ্বে চীনের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম বা জিন্স উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশে এ ধরনের আয়োজনকে অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

