আন্তর্জাতিক ডেস্ক : দিওয়ালি উৎসবের পর থেকে দূষণের চাদরে ঢাকা পড়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। দূষণের হাত থেকে শিশুদের রেহাই দিতে শনিবার দিল্লির প্রায় ১ হাজার ৮০০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেছে প্রশাসন।
দূষণ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম-এর পরিমাণ ১০। যা স্বাভাবিকের তুলনায় ৪ গুণ বেশি। বাতাসে পিএম-এর পরিমাণ থাকে সাধারণত ২ দশমিক ৫। গত রোববার দিওয়ালি উৎসবে ব্যাপক আতশবাজি পোড়ানো হয়। এতে শহরের বাতাস আরো বেশি ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। পরিবেশবিদদের মতে, দিল্লির বাতাসের এখন যা অবস্থা শ্বাসকষ্টজনিত রোগে তাতে সবচেয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। দিল্লি নগর কর্তৃপক্ষের পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লাখ।
দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশনের মুখপাত্র জগেন্দ্র মান বলেছেন, ধোঁয়াশার কারণে শনিবার মিউনিসিপ্যালের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে স্কুল স্বাভাবিক নিয়মে চলবে।

