নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পুরনো স্থাপনা পরিদর্শনের সময় আরো দুই দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী ৬ ও ৭ নভেম্বর কারাগার প্রাঙ্গন দর্শণার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
কারা কর্তৃপক্ষ বলছে, সাধারণ মানুষের আগ্রহের কথা বিবেচনা করে আরো দুই দিন পরিদর্শনের জন্য কারাগার প্রাঙ্গন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রদর্শনী ৫ নভেম্বর শেষ না হয়ে আরো দুই দিন চলবে।
জেল হত্যা দিবস উপলক্ষ কারা জাদুঘরে শুরু হয় ‘সংগ্রামী জীবনগাঁথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গত ১ নভেম্বর থেকে এ প্রদর্শনী শুরু হয়। প্রধানমন্ত্রীর পরিদর্শনের মধ্যদিয়ে ৫ নভেম্বর এ প্রদর্শনীর শেষ হওয়ার কথা ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দূর্লভ ১৪৫টি আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষে ২২৮ বছর পর প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করতে পেরেছেন সাধারণ মানুষ। আলোকচিত্র প্রদর্শনী ও কারাগারের ভেতরে বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখার সুযোগ পেয়েছেন দর্শণার্থীরা।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী কারাগারে আসায় দর্শণার্থীদের জন্য প্রবেশ বন্ধ ছিল। এ ছাড়া ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর কারাগারে দর্শণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শেষ দিন বন্ধ থাকায় এবং সাধারণ দর্শণার্থীদের কথা বিবেচনা করে আলোকচিত্র প্রদর্শনীর সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। এ দুই দিন আগের নিয়মে দর্শণার্থীরা কারাগার প্রাঙ্গণ পরিদর্শন করতে পারবেন।’
রোববার ও সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। তিনটি সেশনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা প্রথম, দুপুর ১টা থেকে ৩টা দ্বিতীয় এবং তৃতীয় সেশনে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দর্শণার্থীরা প্রবেশ করতে পারবেন। কারাগারে প্রবেশ করতে জনপ্রতি টিকিটের দাম ১০০ টাকা।

