নিজস্ব প্রতিবেদক : আজ থেকে মিয়ানমারের ইয়াঙ্গনে প্রথমবারের মতো শুরু হচ্ছে আঞ্চলিক স্টার্টআপ সম্মেলন ‘ডিজিটাল উইনারস এশিয়া’। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে টেলিনর গ্রুপ।
সম্মেলনে অংশ নিচ্ছে টেলিনর গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এশিয়ার এমন পাঁচটি দেশ। বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও পাকিস্তানের সম্ভাবনাময় শীর্ষ স্টার্টআপগুলোকে এক মঞ্চে নিয়ে আসতেই এই প্রয়াস বলে গ্রুপটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
নতুন বাজার সম্প্রসারণে সীমানার গণ্ডি পেরিয়ে যাওয়ার প্রতিপাদ্য নিয়ে সম্মেলনে এশিয়ার নয়টি স্টার্টআপ ও শীর্ষস্থানীয় বক্তারা মিলিত হবেন। দক্ষতা, জ্ঞান ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের নিয়মিত অনুশীলনের মাধ্যমে ডিজিটাল ব্যবসার সুযোগ কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণে কাজ করবে এ সম্মেলন।
‘ডিজিটাল উইনারস এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণকারী স্টার্টআপ এবং শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আলোচকরা অংশ নেবেন। এতে থাকবে ব্যবসা শুরুর জন্য আর্থিক অনুদান হিসেবে ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার জেতার সুযোগ। এজন্য সম্মেলনের শেষ দিন অংশগ্রহণকারী স্টার্টআপগুলো নিজেদের ধারণা উপস্থাপন করবে।
বাংলাদেশ থেকে দুই স্টার্টআপ সম্মেলনে অংশ নিচ্ছে। এরা হলো, বাজ অ্যালি (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নিজস্ব মোবাইল মার্কেটিং প্লাটফর্ম) এবং সোশিয়ান (বিভিন্ন ব্র্যান্ডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক মাধ্যমভিত্তিক অ্যানালিটিকস প্লাটফর্ম)।
সম্মেলনে মূল বক্তব্য ও বাজার অন্তর্দৃষ্টিমূলক সেশনগুলোয় বক্তব্য রাখবেন এ অঞ্চলে বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান গুগল, গোল্ডেন গেট ভেঞ্চারের প্রতিনিধিরা এবং টেলিনর গ্রুপের হেড অব প্রডাক্ট অ্যান্ড ইনোভেশন গুনার সেলায়েগ।
ডিজিটাল উইনারস এশিয়া সম্মেলনে অংশগ্রহণকারী নয়টি দল টেলিনরের সাম্প্রতিক ও আগের পাঁচটি স্টার্টআপ প্রতিযোগিতা এবং অ্যাকসেলেরেটর কার্যক্রমের মাধ্যমে বাছাই করা হয়েছে। ব্যবসায়িক সম্ভাবনা, বাজারে টিকে থাকা এবং টেলিনরের সঙ্গে প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে প্রতিটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। প্রতিটি স্টার্টআপ থেকে দুজন প্রতিনিধি ডিজিটাল উইনারস এশিয়ায় অংশ নেবে। এ বছরের অংশগ্রহণকারী স্টার্টআপগুলো বিপণন সেবা, বিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভ্রমণ ও শিক্ষা খাতের প্রতিনিধিত্ব করবে।
মালয়েশিয়ার স্টার্টআপ ভেস সম্মেলনে অংশ নিচ্ছে; এটি সাশ্রয়ী বাজার গবেষণা সেবা, যা দিবে তাত্ক্ষণিক ফলাফল ও প্রায়োগিক অন্তর্দৃষ্টি। মিয়ানমার থেকে অংশ নিচ্ছে স্টার্টআপ মিয়াজেন; এটি সোস্যাল নেটওয়ার্ক প্লাটফর্মের সঙ্গে সোস্যাল মিডিয়া সেলস অঙ্গীভুতকরণের প্রযুক্তি। পাকিস্তান থেকে থাকছে ইকো এনার্জি, অ্যাডজাংশন ও ফরি মাজদুরি নামক তিনটি উদ্যোগ। এ ছাড়া থাইল্যান্ডের দুটি উদ্যোগ হলো, স্কুটার ও টেক মি ট্যুর। স্কুটার এসএমইগুলোর সঙ্গে যুক্ত হয়ে পণ্য সরবরাহ প্রক্রিয়াকে আরো কার্যকর ও সাশ্রয়ী করবে এবং টেক মি ট্যুর থাইল্যান্ডে এক দিনের ভ্রমণে সহায়তা পেতে সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম।
প্রযুক্তি খাতে মিয়ানমারে অভুতপূর্ব পরিবর্তন দেশটিকে বৈশ্বিকভাবে প্রযুক্তি খাতের সম্প্রসারণে নতুন সদস্যে পরিণত করেছে। দেশটির উত্থান ডিজিটাল উইনারস এশিয়ার জন্য সঠিক মঞ্চ।

