আন্তর্জাতিক ডেস্ক : আত্মঘাতী চালকবিহীন বিমান (ড্রোন) তৈরি করেছে ইরান। এটি জলে ও স্থলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বুধবার দেশটির রেভ্যুলুশনারি গার্ড বুধবার এ তথ্য জানিয়েছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাথমিকভাবে উপকূলীয় এলাকায় নজরদারির জন্য এটি কাজে লাগানো হবে। এটিকে এখনো ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হিসেবে তৈরি করা হয়নি। তবে এটি সম্মুখযুদ্ধের সময় আত্মঘাতী হামলা চালাতে ভারী বিস্ফোরক বহনে সক্ষম। জলের উপরিভাগে কোনো যান কিংবা উপকূলীয় এলাকায় কোনো কমান্ড সেন্টারে দ্রুত গতিতে উড়ে গিয়ে এটি আঘাত হানতে এবং নিজেকে বিস্ফোরিত করতে পারবে।
বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, ড্রোনটি পানির দুই মিটার ওপর দিয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে উড়তে পারে। এছাড়া এটি ৩ হাজার ফিট ওপর দিয়েও উড়তে সক্ষম। এর সঙ্গে অত্যাধুনিক সামরিক ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ কারণে এটি রাতে ও দিনে সমানভাবে ব্যবহার করা যাবে।
এর আগে গত মাসে রেভ্যুলুশনারি গার্ড দাবি করেছিল, তারা ২০১১ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের তৈরি করা আরকিউ-১৭০ মডেলের একটি ড্রোন আটক করতে পেরেছিল। ওই ড্রোনের মতো আক্রমণে সক্ষম ড্রোন তারা নির্মাণ করতে পেরেছেন।

