আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ট ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারত হবে আমেরিকার ‘সবচেয়ে ভালো বন্ধু’। তিনি বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুক্রবার ইন্ডিয়ান-আমেরিকান চ্যারিটি অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। রিপাবলিকান হিন্দু কোয়ালিশন এই অনুষ্ঠানর আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে এই প্রথম কোনো প্রেসিডেন্ট প্রার্থী ভারত-আমেরিকার অনুষ্ঠানের উপস্থিত হলেন।
ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে মোদির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর ভারতে অর্থনৈতিক ও আমলাতন্ত্রে ব্যাপক সংস্কার হয়েছে। এই সংস্কার যুক্তরাষ্ট্রের জন্যও দরকার।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন তেজস্বী নেতা।’
সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ভূমিকাকে সমর্থন করে রিপাবলিকান দলের এই প্রার্থী বলেন, ‘আমেরিকার মতো ভারতও উগ্র ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এজন্য মোদি সরকারকে সমর্থন করছি। ভারতও সন্ত্রাসবাদের শিকার হয়েছে।’
এসময় তিনি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনা স্মরণ করে বলেন, ‘মুম্বাই শহরকে আমি ভালোবাসি। এখানে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা ছিল খুব ভয়ানক। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারত-আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়বে।’
অনুষ্ঠানে রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, এই প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের তিন সপ্তাহ আগে হিন্দু-আমেরিকানদের অনুষ্ঠানে বক্তব্য রাখলেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

