নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে দুদক বদনামমুক্ত হবে এবং মানুষও হয়রানি থেকে মুক্তি পাবে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে `রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স` এর উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের ওপর চাপ আসতে পারে। নিজেদের সততা, নিষ্ঠাবোধ ও প্রজ্ঞার মাধ্যমে এ চাপ প্রশমন করা অসম্ভব নয়। এ কাজ যদি আমরা করতে পারি তবেই জনসাধারণের সমর্থন পেতে পারি।’
বর্তমানে কমিশনের কর্মপরিবেশ-পরিস্থিতি এবং আঙ্গিক কিছুটা পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের মেধা, প্রজ্ঞা ও মননশীলতাকে শাণিত করতে হবে। অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে প্রণীত প্রতিবেদনের প্রতিটি শব্দ হতে হবে কর্মকর্তাদের বিবেকপ্রসূত।’
সবাই মিলে এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রমুখ। দুদকের উপপরিচালক পদমর্যদার ২০ জন কর্মকর্তাকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে।

