আন্তর্জাতিক ডেস্ক : কমনওয়েলথ থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত মাসে কমনওয়েলথ থেকে মালদ্বীপকে হুশিয়ারি দেওয়া হয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের উন্নয়ন না ঘটালে দেশটিকে সংস্থা থেকে বহিষ্কার করে দেওয়া হতে পারে। এরপরই মালদ্বীপ সরকারের পক্ষ থেকে কমনওয়েলথ ছাড়ার ঘোষণা দেওয়া হল।
২০১২ সালে মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক সমালোচনার পরও গত জুলাইয়ে দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান পুনঃপ্রবর্তণ করেছেন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। বিরোধী দলের অনেক রাজনৈতিক নেতাকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে ইয়ামিন প্রশাসন। বিরোধীদের দাবি, মানিলন্ডারিংসহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার করছে প্রশাসন।
বৃহস্পতিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কমনওয়েলথ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত কঠিন কিন্তু এটি অনিবার্য ঘটনা। মালদ্বীপ যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ও এর উন্নয়ন চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীর যে চেষ্টা করছে দুঃখজনকভাবে কমনওয়েলথ তার স্বীকৃতি দিচ্ছে না।’

