নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, সময় ও অর্থের অপচয় রোধে ই-জিপি পদ্ধতি অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সিপিটিইউ আয়োজিত ই-জিপি সিস্টেমে ব্যাংকের ভূমিকা ও ভবিষ্যৎ পদক্ষেপ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, এর ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দারিদ্র বিমোচন এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার। অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যাংকিং খাত দেশের শিল্প প্রসারে অতি গুরুত্বপূর্ণ একটি খাত। দেশের অর্থনীতির টেকসই গতিশীলতা আনতে ব্যাংকগুলোকে কাজ করতে হবে। এ লক্ষ্যে ব্যাংকিং সেবা ও সুদের হার আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা অপরিহার্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে দেশটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উপণীত করা এবং আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি জাপান, চীন ও সিঙ্গাপুরসহ বিশ্বের কয়েকটি দেশের ২০ বছরের তুলনামূলক অর্থনৈতিক সমীক্ষা তুলে ধরে বলেন, জাপান ৫০ বছরে ৫০ গুণ, চীন ১৯৮০ সাল থেকে ২০১৫ পর্যন্ত ৫২ গুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। আমাদের এখন সে সময় এসেছে। অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালে বাংলাদেশ বিশ্ব অর্থনীতির শক্তিশালী দশটি দেশের কাতারে সামিল হবে।এ সময় মন্ত্রী সিপিটিইউ নামে একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করেন।
আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্ট চিমিয়াও ফেন এবং সিপিটিইউয়ের মহাপরিচালক ফারুক হোসেন, বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, দেশের বিভিন্ন এলাকার ঠিকাদার ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) এবং ক্রয়কারী প্রতিষ্ঠান (পিই)-সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম। এটি একমাত্র ওয়েব পোর্টাল যেখান থেকে এবং যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ নিরাপদ ওয়েব ড্যাসবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে।

