ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৮ এর ফেব্রুয়ারিতে রাজস্ব ভবন উদ্বোধন

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসেই উদ্বোধন করা হবে ৩০ তলা বিশিষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্বপ্নের ভবন।
নির্মাণ কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ২০১৮ সালের জুন। কিন্তু তার আগেই প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব রাজস্ব ভবনেই অফিস করতে পারবেন। যেখানে সকল কর অঞ্চলের করদাতারা এক ছাদের নিচে পাবেন সব ধরণের করসেবা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনের কাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে। মঙ্গলবার দুপুরে নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে প্রকল্প পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ড সদস্য আবদুর রাজ্জাক এ তথ্য জানান।
এ সময় রাজস্ব ভবন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে জমি খুবই কম। তার উপর ভূমিকম্পপ্রবণ দেশ। দুয়ের মধ্যে সমন্বয় সাধনের চ্যালেঞ্জ নিয়ে আমাদের প্রকৌশলীরা কাজ করছেন। ঢাকায় সরকারি অফিসের মধ্যে এটি হবে সর্বোচ্চ উঁচু ভবন। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার হবে। আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে এনবিআর ভবনের কাজ কিছুটা শেষ হবে। তখন কিছুটা হলেও ব্যবহার করা যাবে।’
তিনি বলেন, ‘এ ভবন নির্মিত হলে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সব অফিস এ ভবনে চলে আসবে। শুধু এনবিআর নয়, সব সরকারি অফিস এক ছাদের অধীনে নিয়ে আসা উচিত।’
নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘রাজস্ব ভবনটি হবে দেশের সবচেয়ে আধুনিক ভবন। করদাতাদের সহায়তায় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে থাকবে। আশা করছি নির্ধারিত সময়ে আগে অর্থ্যাৎ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এ ভবন ব্যবহারের জন্য পুরোপরি প্রস্তুত করা সম্ভব হবে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ভবনের ৪ তলার অবকাঠামোর কাজ শেষ হয়েছে। ৫ম তলার কাজ চলছে। ৬৬ হাজার বর্গফুটের মধ্যে ৪২ হাজার বর্গফুট ফ্লোরের কাজ শেষ। ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুতগতিতে কাজ করে চলেছে।’ সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ, সেন্ট্রাল এসি ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করতে আরও ১ বছর সময় লাগবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চে শুরু হয় রাজস্ব ভবন তৈরির মূল কাজ। এ ভবনে থাকবে ব্যাংক, তথ্য কেন্দ্র, অডিটরিয়াম, কনভেনশন সেন্টার, জিমনেশিয়াম, সুইমিং পুল এবং হেলিপ্যাড। প্রথমে এনবিআর সংশ্লিষ্ট অধিদফতর, পরিদফতরগুলোকে এখানে স্থান দেওয়া হবে। পুরো ভবনের নির্মাণ কাজ শেষ হলে ঢাকার কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেটগুলোকে স্থানান্তর করা হবে।
ভবনের বেজমেন্ট ও অন্যান্য স্থানে ২৫০টি প্রাইভেট কার, দেড় শতাধিক মোটরসাইকেল, ২০-২৫টি বাস পার্কিংয়ের সুবিধা থাকবে। আর ভবনে থাকবে অত্যাধুনিক লিফট, স্ট্যান্ডবাই জেনারেটর, ইলেকট্রিক সাবস্টেশন, সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম।
নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দুই বা ততোধিক মেটাল ডিটেক্টর সিস্টেম, অত্যাধুনিক মিলনায়তন ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য পৃথক ট্রেনিং রুম, রেস্ট হাউস ও ডরমেটরির ব্যবস্থাও থাকবে। সৌন্দর্য বর্ধনে ভবনের সামনে স্থাপিত হবে পানির ফোয়ারা, ভাস্কর্য এবং সুদৃশ্য বাগান।