নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন ডিএমপির ট্রাফিক বিভাগের ২২ জন নারী সার্জেন্ট।
রোববার তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পেশাগত কাজ শুরু করেছেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রত্যেক নারী সার্জেন্টকে স্কুটির চাবি বুঝিয়ে দেন।
চাবি বিতরণ অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রয়োজন হলে নারী সার্জেন্টরা দ্রুত ঘটনাস্থলে যাবেন। এর মাধ্যমে ঢাকা মহানগরীতে নারী ও শিশুবান্ধব সেবার মান আরো বেগবান হবে। প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘এ দেশে অনেক আগে থেকেই নারীরা বৈষম্যের শিকার হয়ে আসছে। বর্তমান সরকার এ বৈষম্য দূর করতে নারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে নারী সার্জেন্টদের দায়িত্ব দেওয়া হলো। যা দেশের ইতিহাসেও প্রথম। এতে বৈষম্য অনেকাংশে লাঘব হবে।’

