আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের সহ-প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
নিজের নামের সংবাদমাধ্যমটি ছেড়ে স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক নতুন কোম্পানি ‘থ্রাইভ গ্লোবাল’ নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, ‘আমি মনে করেছিলাম, হাফিংটন পোস্ট হবে আমার শেষ কর্মস্থল। কিন্তু আমার নতুন উদ্যোগ ‘থ্রাইভ গ্লোবাল’ পরিচালনার জন্য হাফিংটন পোস্টের প্রধান সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’
বিভিন্ন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও শারীরিক উন্নয়নে কাজ করবে থ্রাইভ গ্লোবাল। এ জন্য প্রয়োজনীয় অর্থের নিশ্চয়তা পেয়েছেন তিনি। শিগগিরই কোম্পানির উদ্বোধন করা হবে।
যুক্তরাষ্ট্রের বৃহৎ গণমাধ্যম গ্রুপ ‘এওএল’ ২০১১ সালে ৩১৫ মিলিয়ন ডলার দিয়ে হাফিংটন পোস্টের মালিকানা কিনে নেয়। ২০১৫ সালে এওএল কিনে নেয় ভেরিজোনা কমিউনিকেশন ইনকরপোরেশন (ভিজেড.এন)। দুই বার হাত বদল হলেও নিজের নামের সংবাদমাধ্যমটি ছেড়ে যাননি আরিয়ানা হাফিংটন।
হাফিংটন পোস্ট বর্তমানে বিশ্বের বৃহত্তম অনলাইন গণমাধ্যমের মধ্যে শীর্ষ পর্যায়ের একটি। বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য প্রকাশ করে আসছে তারা। সেই সঙ্গে ব্লগ রয়েছে তাদের।
আরিয়ানা হাফিংটন, অ্যান্ড্রু ব্রেইটবার্ট, জোনা পেরেটি এবং কেনেথ লেরের এ চারজন মিলে ২০০৫ সালে হাফিংটন পোস্ট প্রতিষ্ঠা করেন। মাত্র ১১ বছরে বিশ্বের অনলাইন সংবাদমাধ্যমের বিশাল নেটওয়ার্ক হয়ে ওঠে এটি।
৬৭ বছর বয়সি হাফিংটন গত বছর জুনে ভেরিজোনা ইনকরপোরেশনের সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত চাকরি করার চুক্তি করেন। হাফিংটন পোস্টের প্রেসিডেন্ট এবং প্রধান সম্পাদক হিসেবে আরো চার বছর দায়িত্ব পালনের চুক্তি করলেও সরে দাঁড়াচ্ছেন তিনি। এবার নতুন মিশন নিয়ে এগোবেন।

